নারী অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ, ২০২৬ ২:০৭ অপরাহ্ণ | সংবাদটি ২০ বার পঠিত
প্রান্তডেস্ক:নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত নারীর অবস্থা বিষয়ক কমিশনের ৭০তম অধিবেশনে (সিএসডব্লিউ৭০) অংশগ্রহণ করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নারীর সমঅধিকার ও ক্ষমতায়ন নিশ্চিতকরণে বাংলাদেশের অবিচল অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (১৭ মার্চ) প্রদত্ত ভাষণে তিনি জোর দিয়ে বলেন যে, বেইজিং ঘোষণা ও কর্মপরিকল্পনা এবং ২০৩০ সালের টেকসই উন্নয়ন সূচকের লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ পূর্ণ দায়বদ্ধ এবং নারী ও কন্যাশিশুর জন্য ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। পররাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে স্পষ্টভাবে উল্লেখ করেন যে, আর্থ-সামাজিক অবস্থান বা পরিচয় নির্বিশেষে প্রতিটি নারী ও কন্যাশিশুর জন্য ন্যায়বিচারের পথ উন্মুক্ত থাকতে হবে, যাতে তারা কোনো প্রকার ভয় বা বাধা ছাড়াই আইনি সুরক্ষা ভোগ করতে পারে।
বৈশ্বিক শান্তি রক্ষায় বাংলাদেশের ভূমিকার কথা স্মরণ করে তিনি জানান যে, জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানগুলোতে বাংলাদেশি নারীদের অবদান অত্যন্ত গৌরবজনক ও লক্ষণীয়। তবে বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক অস্থিরতা, সংঘাত এবং ডিজিটাল বিভাজন বিশেষ করে গ্রামীণ ও ঝুঁকিপূর্ণ জনপদের নারীদের জন্য নতুন সংকট তৈরি করছে বলে তিনি সতর্ক করেন।
এসব প্রতিকূলতা মোকাবিলায় ড. রহমান নারী নেতৃত্বের মাধ্যমে বিচারিক ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি মানবপাচার প্রতিরোধে আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, ৯ থেকে ১৯ মার্চ ২০২৬ পর্যন্ত নিউ ইয়র্কে চলমান এই ৭০তম অধিবেশনটির মূল প্রতিপাদ্য হলো সকল নারী ও কন্যাশিশুর জন্য ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা।

