যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনছে সরকার

প্রান্তডেস্ক:যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের প্রত্যাবাসনের উদ্যোগ নিয়েছে সরকার। দেশটিতে অবস্থানরত কয়েকশ নাগরিককে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকেই এই কার্যক্রম শুরু হতে পারে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রায় দুইশ বা তার বেশি বাংলাদেশিকে বাকু থেকে ঢাকায় ফেরানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রথমে তাদের সড়কপথে ইরান সীমান্ত অতিক্রম করে আজারবাইজানে নেওয়া হবে। পরে হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হবে।
এ কার্যক্রম তদারকির জন্য তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক আজারবাইজান যাচ্ছেন। পাশাপাশি প্রত্যাবাসন কার্যক্রমে সহায়তার জন্য ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা ইতোমধ্যে বাকুর উদ্দেশে রওনা হয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ইরান থেকে দেশে ফিরতে আগ্রহীদের তালিকা তৈরি করা হয়েছে এবং দ্রুতই প্রত্যাবাসন কার্যক্রম শুরু করা হবে।

