এবার কিউবা দখলে নেওয়ার হুমকি দিলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ফাইল ছবি
প্রান্তডেস্ক:তীব্র জ্বালানি সংকটে কিউবার জাতীয় বিদ্যুৎ গ্রিড পুরোপুরি ভেঙে পড়ায় সমগ্র দেশ এখন অন্ধকারে নিমজ্জিত। এই চরম মানবিক বিপর্যয়ের মধ্যেই দ্বীপরাষ্ট্রটিকে মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার প্রকাশ্য ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (১৬ মার্চ) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প কিউবাকে একটি ‘অত্যন্ত দুর্বল দেশ’ হিসেবে অভিহিত করেন এবং দেশটিকে মুক্ত করা বা নিজের আয়ত্তে নেওয়ার সুযোগ পাবেন বলে দম্ভোক্তি করেন।
কিউবার সরকারি বিদ্যুৎ সংস্থা ইউনিয়ন নাসিওনাল ইলেকট্রিকা (ইউএনই) জানিয়েছে, জাতীয় গ্রিড পুরোপুরি অচল হয়ে যাওয়ায় রাজধানীসহ দেশের বড় অংশ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই পরিস্থিতির তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত বড় কোনো যান্ত্রিক ত্রুটির প্রমাণ পায়নি; মূলত জ্বালানি তেলের অভাবেই বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল রাখা সম্ভব হচ্ছে না।
ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে কিউবার কমিউনিস্ট শাসিত সরকারের পরিবর্তন চাইছে এবং এজন্য দেশটির ওপর কঠোর জ্বালানি অবরোধ আরোপ করেছে। গত জানুয়ারি মাসে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, কিউবার কাছে তেল বিক্রি বা সরবরাহকারী যে কোনো দেশের ওপর মার্কিন ট্যারিফ আরোপ করা হবে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে কিউবায় মাত্র দুটি ক্ষুদ্র তেলের জাহাজ ভিড়তে সক্ষম হয়েছে। এই অবরোধের ফলে দ্বীপরাষ্ট্রটিতে কেবল বিদ্যুৎ সংকটই নয়, বরং খাদ্য ও ওষুধেরও তীব্র অভাব দেখা দিয়েছে। মানবেতর পরিস্থিতির কারণে জনমনে ক্ষোভ বাড়ছে এবং সম্প্রতি কমিউনিস্ট পার্টির একটি কার্যালয়ে অগ্নিসংযোগের মতো বিরল বিক্ষোভের ঘটনাও ঘটেছে।
বিদ্যুৎহীন অবস্থায় সাধারণ মানুষের জীবন এখন দুর্বিষহ। ৬১ বছর বয়সী হাভানা নিবাসী তমাস ডেভিড জানান, বাড়িতে থাকা সামান্য খাবারও নষ্ট হয়ে যাচ্ছে এবং এমন পরিস্থিতিতে মানুষ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কথা ভাবছে।
যুক্তরাষ্ট্রের একটি সূত্র জানিয়েছে, ওয়াশিংটন বর্তমানে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেলের ক্ষমতা ত্যাগ নিয়ে আলোচনা করছে, যদিও তার পরিবর্তে কাকে ক্ষমতায় দেখতে চায় সে বিষয়ে কিছু স্পষ্ট করেনি। মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের ডামাডোলের মধ্যেও ট্রাম্প প্রশাসন লাতিন আমেরিকায় একটি সামরিকবাদী দৃষ্টিভঙ্গি বজায় রাখার ঘোষণা দিয়েছে।
এদিকে কিউবা সরকার বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বিদেশে বসবাসরত কিউবান ও প্রবাসীদের দ্বীপে বিনিয়োগের আহ্বান জানিয়েছে। উপ-প্রধানমন্ত্রী অস্কার পেরেজ-অলিভা ফ্রাগা সোমবার ঘোষণা করেছেন, প্রবাসীরা এখন কিউবায় ব্যবসা ও বড় প্রকল্পে বিনিয়োগের সুযোগ পাবেন।
সরকারি ও বেসরকারি খাতের সঙ্গে অংশীদারিত্বের পাশাপাশি তাদের জন্য বিশেষ ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধাও দেওয়া হবে। কিউবা সরকার যখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে প্রবাসীদের দিকে হাত বাড়াচ্ছে, তখন ট্রাম্পের ‘দখল’ করার হুমকি ও অনড় অবরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
সূত্র: আল জাজিরা


