ছিনতাইয়ের কবলে আরেক নারী
প্রকাশিত হয়েছে : ৬ মার্চ, ২০২৬ ৪:০১ অপরাহ্ণ | সংবাদটি ১৩ বার পঠিত

সিলেটে নগরীতে ছিনতাইয়ের কবলে পড়েন এই নারী
প্রান্তডেস্ক:সিলেট নগরীতে এক নারী কর কর্মকর্তা ছিনতাইয়ের শিকার হওয়ার ৯ দিন পর এবার আরেক নারী ছিনতাইয়ের কবলে পড়েছেন। বৃহস্পতিবার সকালে নগরীর সাগরদিঘির পার এলাকায় তিনি ছিনতাইয়ের শিকার হন।রাতে ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। শুক্রবার সকালেও ভিডিওটি বিভিন্ন জনের টাইমলাইনে ঘুরপাক খাচ্ছে। ছিনতাইয়ের শিকার ওই নারী শিক্ষার্থী বলে জানা গেছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, মোটরসাইকেল আরোহী দুই ছিনতাইকারী ওই শিক্ষার্থীর মোবাইল ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একজনের হাতে লম্বা দা ছিল। সেই দা দিয়ে আঘাত ও ভয় দেখানোর চেষ্টা করে। টানাটানির একপর্যায়ে তারা মোবাইল ও ব্যাগ নিতে ব্যর্থ হয়ে পালিয়ে যায়।
গত ২৪ ফেব্রুয়ারি বিকেল তিনটার দিকে নগরীর হাউজিং এস্টেট আবাসিক এলাকায় এক নারী কর কর্মকর্তা ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইয়ের সিসিটিভি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তোলপাড় সৃষ্টি হয়। তিনটি মোটরসাইকেলে ৬ জন ছিনতাইকারী অংশ নিলেও কাউকে শনাক্ত ও গ্রেপ্তার করা যায়নি। ঘটনার পর এয়ারপোর্ট থানার ওসি শাহ মোবাশ্বিরকে প্রত্যাহার করে নেওয়া হয়।
বৃহস্পতিবারের ছিনতাই প্রসঙ্গে মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল জাকির গনমাধ্যমকে জানান, ভিডিওটি দেখার পর আমরা ঘটনাস্থলে গিয়েছি। পুলিশের যখন ডিউটি বদল হয় ঠিক সে সময় ঘটনাটি ঘটেছে। ছিনতাইয়ের শিকার নারী শিক্ষক বা শিক্ষার্থী হতে পারেন। ঘটনার পর তিনি স্থানীয়দের জানিয়েছেন, তার কাছ থেকে ছিনতাইকারীরা কিছু নিতে পারেনি। পুলিশ জড়িতদের যেকোনো মুহূর্তে ধরে ফেলবে।