ইরান যুদ্ধ বা শাসন পরিবর্তন অভিযানে যোগ দেবে না জার্মানি: পররাষ্ট্রমন্ত্রী
-69aa98b2dfae7.jpg)
বার্লিনে সাংবাদিকদের এ কথা জানান জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল। ছবি: সংগৃহীত
প্রান্তডেস্ক:ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানে জার্মানি অংশ নেবে না এবং দেশটিতে শাসন পরিবর্তনের কোনো উদ্যোগকেও সমর্থন করবে না বলে জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল।
বৃহস্পতিবার (৫ মার্চ) বার্লিনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ওয়াডেফুল স্পষ্টভাবে বলেছেন, ইরানে গণতান্ত্রিক ভবিষ্যৎ দেখতে চাইলেও সেই পরিবর্তন অবশ্যই ইরানের জনগণের মাধ্যমেই আসতে হবে।
তিনি বলেন, জার্মানি এই যুদ্ধে অংশ নিচ্ছে না এবং ভবিষ্যতেও নেবে না। একইভাবে ইরানসহ কোনো দেশেই শাসন পরিবর্তনের জন্য কোনো নির্দিষ্ট পদক্ষেপেও আমরা অংশ নিচ্ছি না।
রক্ষণশীল এই রাজনীতিক জানান, জার্মানি ইরানের বিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখছে এবং দেশটির জনগণের ওপর সরকারের দমন-পীড়নের বিরোধিতা করে তাদের পাশে রয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, জার্মানি ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না।
ওয়াডেফুল বলেন, শেষ পর্যন্ত ইরানের জনগণই তাদের ভাগ্য নিজেদের হাতে নেওয়ার অবস্থায় পৌঁছাবে—এবং হয়তো এই শাসনব্যবস্থাকে অতিক্রম করতে পারবে। কিন্তু স্পষ্ট কারণেই জার্মানির পক্ষ থেকে এ ধরনের কোনো সরকারি পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।
এদিকে ইরানের পাল্টা হামলারও নিন্দা জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। তিনি তেহরানকে এসব হামলা বন্ধ করার আহ্বান জানান।
ওয়াডেফুল বলেন, ইরানের হামলা শুধু উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধেই নয়, ইউরোপীয় ইউনিয়নের সদস্য সাইপ্রাসের জন্যও হুমকি তৈরি করছে। সাম্প্রতিক প্রতিবেদনে তুরস্ক ও আজারবাইজানের দিকেও হামলার ইঙ্গিত পাওয়া গেছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি জানান, সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের সহকর্মী পররাষ্ট্রমন্ত্রী ও উপসাগরীয় দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নেবেন।

