মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপলো কাতারের দোহা
প্রকাশিত হয়েছে : ৩ মার্চ, ২০২৬ ১:০৯ অপরাহ্ণ | সংবাদটি ৩২ বার পঠিত
দোহায় বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনার পর মানুষ রাস্তায় নেমে আসে
প্রান্তডেস্ক:কাতারের দোহা শহরজুড়ে প্রচণ্ড বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিবিসির লাইভ প্রতিবেদন এই তথ্য জানিয়েছে।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, কাতারি সামরিক বাহিনী মঙ্গলবার সকালে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত এবং নিষ্ক্রিয় করেছে।
দোহা শহর থেকে সংবাদমাধ্যমের প্রকাশ করা ছবিতে দেখা গেছে, বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনে মানুষ তাদের ঘরবাড়ি থেকে রাস্তায় নেমে আসছে।
এর আগে সোমবার কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, তারা দুটি ইরানি এসইউ-২৪ যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে। এ ছাড়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন বন্ধ করার ঘোষণাও দিয়েছে দেশটি।
এদিকে, সংঘাত ঘিরে উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের তেল স্থাপনাগুলোতে আরও হামলার খবর পাওয়া যাচ্ছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র হুঁশিয়ার বার্তা দিয়েছে যে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইরানে ব্যাপক হামলা তারা শুরু করতে যাচ্ছে।



