বাংলাদেশ ব্যাংকের ঘটনা বর্তমান সরকার সমর্থিত ‘মব কালচারের’ আনুষ্ঠানিক সূচনা: ডা. শফিকুর রহমান
প্রান্তডেস্ক:বাংলাদেশ ব্যাংকে সম্প্রতি সৃষ্ট পরিস্থিতিকে বর্তমান সরকার সমর্থিত ‘মব কালচারের’ আনুষ্ঠানিক সূচনা হিসেবে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি এ ঘটনাকে দুর্ভাগ্যজনক ও পুরোপুরি অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে স্যোশাল মিডিয়া ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর আমির মনে করেন, এ ধরনের বিশৃঙ্খলার বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সমাজের সব স্তরের মানুষের প্রতিবাদ করা উচিত। তিনি বলেন, এরমধ্যেই বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মব সৃষ্টি করে দায়িত্বশীল ও দক্ষ ব্যক্তিদের বিরুদ্ধে উৎপাতের ঘটনা ঘটছে।
সরকারকে উদ্দেশ করে তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে এসব অপতৎপরতা অবিলম্বে বন্ধ করতে হবে। একই সঙ্গে দলীয় আনুগত্য নয়, বরং যোগ্যতার ভিত্তিতে দেশপ্রেমিক ও উপযুক্ত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ সরকারি পদে নিয়োগ নিশ্চিত করতে হবে।



