বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ২ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ১:২৪ অপরাহ্ণ | সংবাদটি ২২ বার পঠিত

প্রান্তডেস্ক:ভারত মহাসাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে ভারতের বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
আগামী মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আগামী বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

