বাংলাদেশের আকাশে ভারতের স্পাইসজেটকে নিষেধাজ্ঞা
প্রান্তডেস্ক:ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় বাংলাদেশ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। খবর এনডিটিভি ও পিটিআই’র।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছে বিমান সংস্থাটি। এখন কলকাতা থেকে উত্তর-পূর্ব ভারতের গুয়াহাটি বা ইম্ফলগামী বিমানগুলোকে এখন বাংলাদেশের আকাশপথ এড়িয়ে অনেকটা পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার ২৪’-এর তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার থেকেই স্পাইসজেটের ফ্লাইটগুলো বাংলাদেশের আকাশসীমা এড়িয়ে দীর্ঘতর রুট ব্যবহার করছে।
এনিয়ে স্পাইসজেটের একজন মুখপাত্র বলেছেন, বিষয়টি সমাধানের জন্য বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে কথা চলছে।স্পাইসজেট কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এটি একটি নিয়মিত ব্যবসায়িক প্রক্রিয়া। বকেয়া পরিশোধের বিষয়টি গঠনমূলক আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা চলছে। এদিকে এমন খবর প্রকাশ্যে আসতেই শেয়ারবাজারে স্পাইসজেটের শেয়ারের দামে পতন দেখা গেছে।


