শীত নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

প্রান্তডেস্ক:সারা দেশে গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা কিছুটা কম থাকলেও ফের তাপমাত্রা কমে শীতের দাপট বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী ৫ দিন দেশজুড়ে তাপমাত্রা কখনো কমবে, কখনো অপরিবর্তিত থাকতে পারে আবার কখনো বাড়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী ৫ দিনই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময়ের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন নেই।এদিকে আজ সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেডর্ক করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

