৭ ফেসবুক পেজের বিরুদ্ধে ছাত্রদল নেত্রীর মামলা
প্রান্তডেস্কসমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের নিয়ে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে সাতটি ফেসবুক পেজের বিরুদ্ধে মামলা করেছেন ছাত্রদল নেত্রী জান্নাতুল ফেরদাউস জুঁই। ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন তিনি। মামলার বাদী জান্নাতুল ফেরদাউস জুঁই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হল শাখা ছাত্রদলের সদস্য।
মঙ্গলবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম।
এজাহারে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে বাদী ও তার পরিচিত তাওহীদা সুলতানাকে অনলাইন অ্যাকটিভিজম থেকে সরিয়ে দিতে এসব পেজ থেকে মানহানিকর, কুরুচিপূর্ণ ও মিথ্যা মন্তব্য করা হচ্ছে। অজ্ঞাতনামা ব্যক্তিরা ‘বট আইডি’ ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে তৈরি বিকৃত ছবি ও ভিডিও ছড়িয়ে রাজনৈতিকভাবে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে।

