বিএনপির পরিকল্পনায় প্রতিদ্বন্দ্বিরা কান্নাকাটি করছে: নাসের রহমান
প্রান্তডেস্ক:বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের বিএনপির ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী এম নাসের রহমান বলেন, বিএনপি আগামীতে গ্রামীণ জনগণের জন্য কী করবে, সেজন্য একটা অভিনব দুইটি সিস্টেম চালু করার পরিকল্পনা আমাদের দলের চেয়ারম্যান নিয়েছেন। এখন এই পরিকল্পনা দেখে আমাদের প্রতিদ্বন্দ্বী দলওয়ালাদের মাথা নষ্ট হয়ে গেছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসের রহমান বলেন, এটার একটা হলো কৃষক কার্ড। আপনারা শুনেছেন। আরেকটা হলো ফ্যামেলি কার্ড। কৃষক যাঁরা আছেন, তাঁরা অত্যন্ত সুলভ মূল্যে বীজ, সার, কীটনাশকসহ চাষাবাদের সঙ্গে প্রয়োজনীয় আরও আনুষঙ্গিক জিনিস পাবেন যাতে একশ টাকার মাল বিশ বা পঁচিশ টাকায় পাওয়া যাবে। বাকি টাকা সরকার ভর্তুকি দেবে। এবং কৃষি যন্ত্রপাতি কেনার জন্য সহজ শর্তে ঋণ পাবেন।
তিনি বলেন, আপনার যে ফসলাদি হবে এ ফসল বিক্রি করে আপনি যেমন এক কেয়ার জমিতে ২০ মণ ধান হবে, আপনি ২০ মন ধানে ২০ হাজার টাকা পাবেন। আর এ ফসল ফলাতে আরও আপনার ৫ হাজার টাকা খরচ হবে। এই মোট ২৫ হাজার টাকার বীমা কিনবেন মাত্র ৪/৫ শ টাকায়। হয়তো আরও কম হতে পারে এটা আমি উদাহরণ হিসেবে বলতেছি। এ বীমা হলো কোনো কারণে ঝড়, তুফান, বন্যা, খরা বা রোগে যদি ফসল নষ্ট হয়ে যায়, তখন আপনার বীমার বিপরীতে ২৫ হাজার টাকা বীমা কোম্পানি দিয়ে দেবে।
এসব বলে তিনি উপস্থিত জনসাধারণের উদ্দেশে জিজ্ঞেস করেন সবার দরকার কি না এ কার্ড। তখন সকলে ‘দরকার’ বলে জবাব দেন। নাসের রহমান বলেন, এখন এসব দেখে আমাদের প্রতিদ্বন্দ্বী দল কান্নাকাটি করছে।


