মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই ভাই নিহত
প্রান্তডেস্ক:সিলেটে মোটরসাইকেল নিয়ে বাসায় যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই ভাই। শনিবার (১৭ জানুয়ারি) দিনগতে সিলেটের তালতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সুনামগঞ্জের শাল্লার রহমতপুর নোয়াগাঁও গ্রামের দীপ্ত দাস (১৮) ও ছাতক মংলারগাঁও গ্রামের ইমন দাস (২০)। সম্পর্কে তারা মামাতো ও ফুফাতো ভাই।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলটি শেখঘাট থেকে তালতলা মোড়ের দিকে আসছিল। মধ্য পথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সামনে পৌঁছালে কোনো অজ্ঞাত গাড়ির ধাক্কায় সড়কে ছিটকে পড়ে। আওয়াজ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলে দুজনকে সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

