হাসিনা, টিউলিপ ও আজমিনার পূর্বাচলে প্লট দুর্নীতি মামলার রায় ২ ফেব্রুয়ারি
প্রান্তডেস্ক:পূর্বাচল নতুন শহর প্রকল্পে অনিয়মের মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ১০ কাঠার সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলার যুক্তিতর্কের শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে আদালত এ মামলার রায়ের জন্য আগামী ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ-৪ আদালতে বিচারক রবিউল আলম উভয় পক্ষের যুক্তিতর্ক শোনেন। শুনানি শেষে রায়ের দিন নির্ধারণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর হাফিজুর রহমান।
এ মামলায় তদন্তকারী কর্মকর্তাসহ মোট ৩১ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। এরপর ৮ জানুয়ারি আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হয়।
তদন্ত শেষে গত বছরের ১০ মার্চ আরও দুই জনকে যুক্ত করে মোট ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।
চার্জশিটভুক্ত অন্যান্য আসামির মধ্যে রয়েছেন— জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী আনিছুর রহমান মিঞা, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), রাজউকের সাবেক পরিচালক নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, পরিচালক কামরুল ইসলাম এবং উপ-পরিচালক নায়েব আলী শরীফ।
পরবর্তীতে মামলায় যুক্ত হওয়া দুই আসামি হলেন— সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
এদিকে, আলোচিত এই মামলার রায়কে কেন্দ্র করে বিচারিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। নির্ধারিত দিনে আদালত কী সিদ্ধান্ত দেন, সেদিকেই এখন নজর সংশ্লিষ্ট সবার।


