প্রান্তডেস্ক:ছায়ানটে হামলার সঙ্গে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি এ কথা জানান।
বিবৃতিতে সংস্কৃতি উপদেষ্টা বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক শরিফ ওসমান হাদির শহীদি মৃত্যুতে জাতি আজ শোকার্ত। এই জাতীয় শোকের মুহূর্তে একশ্রেণির হঠকারী দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে হামলা চালিয়ে ক্ষয়ক্ষতি সাধন করেছে। মৃত্যুঞ্জয়ী হাদির মৃত্যুতে কোনও সাংস্কৃতিক সংগঠনে হামলা কেবল একটি ফৌজদারি অপরাধই নয়, জুলাই গণঅভ্যুত্থানের চেতনারও পরিপন্থি।
তিনি বলেন, এই নিন্দনীয় ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার বিষয়েও সরকার কাজ করছে। পাশাপাশি ছায়ানট ভবনে ক্ষয়ক্ষতি নিরূপণ করে এ বিষয়ে যা যা করণীয়, সংস্কৃতি মন্ত্রণালয় ছায়ানট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সেটা করবে। গণতান্ত্রিক রূপান্তরের এই সময়ে সকল হঠকারিতার বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।