সুনামগঞ্জে ফেইসবুকে ভিডিও পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবক নিহত
প্রান্তডেস্ক:সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ফেইসবুকে ভিডিও পোস্ট করা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে রুবেল মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর চাচাতো ভাই সুলতান মিয়া (৩৫) গুরুতর আহত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার কলকলিয়া ইউনিয়নের সুনুখাই (লতিফ নগর) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুবেল মিয়া ওই গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুনুখাই গ্রামের মৃত জুনাব আলীর ছেলে মনির মিয়া (৫০) প্রায়ই টিকটক ও অন্যান্য ভিডিও তৈরি করে সেগুলো ফেইসবুকে পোস্ট করতেন। এসব ভিডিও গ্রামবাসীর সম্মানহানির কারণ হচ্ছে দাবি করে রুবেল মিয়া তাঁকে ভিডিও পোস্ট না করতে নিষেধ করেন। এ নিয়ে রুবেল ও মনিরের মধ্যে পূর্ব থেকেই উত্তেজনা চলছিল।
শুক্রবার সকাল ১০টার দিকে কথাকাটাকাটির একপর্যায়ে রুবেল মিয়া ও তাঁর চাচাতো ভাই সুলতান মিয়াকে মারধর করেন মনির ও তাঁর লোকজন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোহাম্মদ বদরুদ্দোজা বলেন,
> “রুবেলকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। আহত সুলতান মিয়ার অবস্থাও গুরুতর হওয়ায় তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা বলেন,
> “ফেইসবুকে ভিডিও পোস্ট নিয়ে বিরোধ থেকেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

