জাবি সিনেট নির্বাচন :: আওয়ামী পন্থি বঙ্গবন্ধু শিক্ষক পরিষদে ভাঙন, নতুন সংগঠনের আত্মপ্রকাশ
প্রান্তডেস্ক:আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি) সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদে ভাঙন দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে বিভক্ত হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকরা।
এ প্রেক্ষাপটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদ’ নামে আওয়ামীপন্থী শিক্ষকদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের আইবিএ-জেইউ এর অধ্যাপক ড. মো. মোতাহার হোসেনকে আহ্বায়ক এবং ইতিহাস বিভাগের অধ্যাপক ড. খো. লুৎফুল এলাহীকে সদস্য-সচিব করে নয় সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। অধ্যাপক ড. মো. মোতাহার হোসেন ও অধ্যাপক ড. খো. লুৎফুল এলাহী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ, আইবিএ এর অধ্যাপক আইরিন আক্তার, সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন, প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক মার্লিহা নার্গিস আহমেদ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শামীমা নাসরীন জলি, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদা পারভীন এবং জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম।
বিবৃতিতে দাবি করা হয়, ‘দায়িত্ব গ্রহণের শুরুতেই উপাচার্য বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের আহবায়ক কমিটি গঠনে স্বজনপ্রীতি দেখান ও বিতর্কিতদের পৃষ্ঠপোষকতা প্রদান করেন।’
সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগে বিতর্কের বিষয়টি উল্লেখ করে বলা হয়, গত এক বছরে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে উপাচার্য ভীষণভাবে বিতর্কিত হয়েছেন। এতে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ও বাইরে দল ও সরকারের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুণ্ণ হয়েছে। এছাড়া উপাচার্যের পেশাদারিত্ব নিয়ে বলা হয়, সুবিধাবাদী গোষ্ঠীর স্বার্থ হাসিলে তিনি সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতির নির্বাচনী বোর্ডে যোগ্য ও জ্যেষ্ঠ শিক্ষকদের বাদ দিয়ে একাডেমিক ইথিকস ও পেশাদারিত্বের অভাব দেখিয়েছেন।
জানা গেছে, আওয়ামীপন্থী শিক্ষকদের নতুন এই সংগঠন বিশ্ববিদ্যালয়ের আসন্ন সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করবে। এর আগে, ২০১৮ সালে আওয়ামীপন্থীরা সম্মিলিতভাবে ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ গঠন করেছিলেন।

