মতিউর রহমানের ৬ সপ্তাহের আগাম জামিন
প্রকাশিত হয়েছে : ২ এপ্রিল, ২০২৩ ৫:০৮ অপরাহ্ণ | সংবাদটি ১১৯ বার পঠিত
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
রোববার (২ এপ্রিল) বিকালে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ মতিউর রহমানকে এ জামিন দেন।
গত ২৯ মার্চ মধ্যরাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন আইনজীবী আবদুল মালেক। মামলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলায় শামসুজ্জামান কারাগারে আছেন।
এছাড়া আসামিদের মধ্যে ‘সহযোগী ক্যামেরাম্যানসহ অজ্ঞাতনামা ব্যক্তিরাও রয়েছেন। মামলায় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগ আনেন আব্দুল মালেক। ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ৩১ ও ৩৫ ধারায় মামলাটি করা হয়।

